১৩ হাই-‌টেক পার্কেই সিনেপ্লেক্স : পলক

১৯ সেপ্টেম্বর, ২০১৯ ১৬:৩৭  
তরুণদের সুস্থ বিনোদন দিতে আগামী দুই বছরের মধ্যে সারাদেশে নির্মাণাধীন ১৩টি হাই-‌টেক পার্কে এক‌টি করে সিনেপ্লেক্স তৈরি করবে আইসি‌টি বিভাগ। বৃহস্পতিবার (১৯ সেপ্টেম্বর) এমনটাই জানালেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক। রাজধানীর মধুমিতা প্রেক্ষাগৃহে ঢুলি কমিউনিকেশনসের উদ্যোগে বাংলা চল‌চ্চি‌ত্রের জন‌প্রিয় অ‌ভি‌নেতা সালমান শাহ’র ৪৮ তম জন্মবা‌র্ষিকী উপলক্ষে আয়োজিত সালমান শাহ জন্মোৎসব-২০১৯’ শীর্ষক ৭ দিনব্যাপী চলচ্চিত্র প্রদর্শনীর আনুষ্ঠানিক উদ্বোধন উপলক্ষে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ তথ্য জানান। প্রতিমন্ত্রী বলেন, সালমান শাহ একটি নাম নয়, আমাদের চলচ্চিত্র জগতের অনুপ্রেরণা। তরুণ প্রজন্মের আইকন। যিনি হঠাৎ করে এসেই বাংলা চলচ্চিত্রের দর্শকদের মন জয় করে খুব তাড়াতাড়িই ভক্তদের কাঁদিয়ে চলে গেছেন। পলক আরো বলেন, ‘সালমানের সৃজনশীলতা ও উৎকর্ষতাকে অনুপ্রেরণায় পরিণত করতে এবং প্রজন্ম থেকে প্রজন্মে তার সিনেমা ছড়িয়ে দিতেই এই জন্মোৎসবের আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।’ অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন চলচ্চিত্র অভিনেতা শাকিব খান, টি এম ফিল্মস ও গান বাংলা টেলিভিশনের ভাইস চেয়ারম্যান ফারজানা মুন্নি ও বাচসাস সভাপতি ফাল্গুনী হামিদ, উৎসব আহ্বায়ক নিপু বড়ুয়া। সালমান শাহ’র জন্মোৎসব উপলক্ষে রাজধানীর মধুমিতা প্রেক্ষাগৃহে ২০ সেপ্টেম্বর থেকে ধারাবাহিকভাবে এ নায়কের সাত জনপ্রিয় চলচ্চিত্র প্রদর্শীত হবে।